কুমিল্লায় ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় ইতেকাফ পালন করতে গিয়ে এশার নামাজ আদায়ের সময় হারুনুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মাহে রমজানের শেষ দশকে ইতেকাফ পালনের উদ্দেশ্যে হারুনুর রশিদ মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে তিনি এশার নামাজ আদায়ের জন্য দাঁড়ান।
নামাজের দুই রাকাত সুন্নত আদায় করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মসজিদের ভেতরেই তার মৃত্যু হয়।
নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো. সেফাউল করিম জানান, ইতেকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তার শ্বশুরের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।