ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা সবাই মির্জাপুর ইউনিয়ন বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার পর শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদী হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলকনগর গ্রামে ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970