পূর্বের নামে ফিরল সাঈদীর প্রতিষ্ঠিত উপজেলা ‘জিয়ানগর’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে আবারও ‘জিয়ানগর’ রাখা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গত মঙ্গলবার (১০ মার্চ) সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

এর ফলে এখন থেকে উপজেলার সব দাফতরিক কাজকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে ‘জিয়ানগর’ নামই ব্যবহার করা হবে।

এর আগে ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ করা হয়েছিল। ওই বছরের ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়।

জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব দেন। পরে ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পিরোজপুর সফরে এসে ‘জিয়ানগর’ উপজেলার উদ্বোধন করেন।

পরবর্তীতে ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ করা হয়।

সর্বশেষ ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার প্রস্তাবের ভিত্তিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম বৈঠকে উপজেলার নাম পুনরায় ‘জিয়ানগর’ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ১০ মার্চ সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর’ নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। এখন থেকে সব সরকারি কার্যক্রমে জিয়ানগর নামই ব্যবহার করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970