এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে: ড. আতিক মুজাহিদ
সুজন মাহমুদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে বসিয়ে দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বুধবার বিকেলে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, আগে দুইজন অনির্বাচিত প্রশাসক নিয়োগের সমালোচনা করা হলেও এখন একদিনে ৪২ জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ১৩টি সিটি কর্পোরেশনেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ভবিষ্যতে উপজেলাতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
তিনি আরও বলেন, সরকারের এমন আচরণ দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে। ইতিহাসে আইয়ুব খানের সময়ের পর এমন পরিস্থিতি হয়েছে কি না, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন আয়োজন করে জনগণের রায় নেওয়া উচিত। নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে জনগণ তাদের সম্মান জানাবে বলেও মন্তব্য করেন তিনি।
কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে তিনি আশ্বাস দেন, সবাইকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করা হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো নেতা বা কর্মী যদি তার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলী এবং সঞ্চালনা করেন তারিকুজ্জামান তমাল। এতে আরও বক্তব্য দেন জেলা পর্যায়ের বিভিন্ন নেতা এবং সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন শাখা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।