চাহিদামতো তেল না পেয়ে ফিলিং স্টেশনে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব, ইটভাটা মালিক আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম
কক্সবাজারের রামুতে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামের এক ইটভাটা মালিককে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে রামুর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার লাইসেন্স করা শটগানটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সেখানে গিয়ে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন বি কে আজম। কিন্তু কর্মচারীরা সংকটের কথা জানিয়ে নির্ধারিত পরিমাণ তেল নিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, তিনি প্রথমে এক কর্মচারীকে মারধর করেন। পরে গাড়ি থেকে নিজের লাইসেন্স করা শটগান বের করে কর্মচারীদের ভয়ভীতি দেখান এবং গুলি করার চেষ্টা করেন। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি লাইসেন্স করা শটগানও জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক নুরুল হক জানান, জেলায় জ্বালানি তেলের সংকটের কারণে প্রশাসনের নির্দেশে রেশনিং পদ্ধতি চালু রয়েছে। একটি ব্যক্তিগত গাড়িকে নির্ধারিত সীমার বেশি তেল দেওয়া হচ্ছে না। কিন্তু বি কে আজম অতিরিক্ত তেল দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালান।
এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।