‘টাকা দিব, মারিস না’, ছেলের মারধরে মায়ের আকুতি, ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকায় এক যুবকের হাতে মায়ের ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় মো. জাবেদ নামের এক তরুণ তার মায়ের ওপর হামলা চালান। তিনি ওই এলাকার কালা গাজীর বাড়ির বাসিন্দা এবং মৃত মো. ইয়াকুবের একমাত্র ছেলে। বাবার মৃত্যুর পর পরিবারটির দায়িত্ব তার ওপরই ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, জাবেদ হাতে ধারালো বটকি নিয়ে মায়ের কাছে টাকা দাবি করছেন এবং না পেয়ে তাকে মারধর করছেন। এ সময় মা কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে থামানোর চেষ্টা করেন এবং টাকা দেওয়ার আশ্বাস দেন, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুরো ঘটনাটি জাবেদের বোন মোবাইল ফোনে ধারণ করেন, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। অনেকেই তরুণদের মধ্যে নেশা ও অনলাইন খেলায় আসক্তিকে এ ধরনের ঘটনার জন্য দায়ী করছেন।

পরিবারের এক সদস্য জানান, বাবার মৃত্যুর পর আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যে ছিলেন জাবেদ। পাশাপাশি তিনি মোবাইলভিত্তিক অনলাইন খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন, যার কারণে প্রায়ই পরিবারের কাছে টাকা চাইতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। পুলিশ জানায়, অনলাইন খেলায় আসক্তির কারণেই জাবেদ প্রায়ই টাকা চাইতেন এবং সর্বশেষ টাকা না পেয়ে এই ঘটনা ঘটান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলায় আসক্তির কারণেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970