ভোট না দিতে পারার কষ্টে ‘১৮ বছর পর’ ভাত খেলেন বিএনপি নেতা ইনু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:০৬ পিএম
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৮০ বছর বয়সী কৃষক ইনু মিয়া দীর্ঘ ১৮ বছরের ভাত না খাওয়ার প্রতিজ্ঞা ভেঙেছেন। প্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসার দাবির সঙ্গে যুক্ত সেই প্রতিজ্ঞা তিনি অবশেষে পালন শেষ করেন মঙ্গলবার পহেলা বৈশাখের দিনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজে ইনু মিয়ার গ্রামের বাড়ি রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে যান। সেখানে তিনি ইনু মিয়াকে নিজ হাতে ভাত খাওয়ান।
পরিবার ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়ার পর ক্ষোভে তিনি প্রতিজ্ঞা করেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর দীর্ঘ ১৮ বছর তিনি ভাত পরিহার করে কলা, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার খেয়ে জীবনযাপন করেন।
স্থানীয় এক কর্মীসভায় তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তাকে আশ্বাস দেন, দল ক্ষমতায় এলে তিনি নিজ হাতে তাকে ভাত খাওয়াবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তিনি তার বাড়িতে গিয়ে তাকে ভাত খাওয়ান।
ভাত খাওয়ানোর পর প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ভালোবাসা ও ত্যাগের এমন দৃষ্টান্ত বিরল। তিনি ইনু মিয়ার পাশে থাকার আশ্বাস দেন এবং তার জন্য একটি ঘর নির্মাণ ও বয়স্ক ভাতার ব্যবস্থা করার কথা জানান।
ইনু মিয়া বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই শপথ করেছিলেন এবং আজ তা পূরণ হয়েছে। প্রিয় নেতার হাতে ভাত খাওয়া তার জীবনের বড় পাওয়া বলেও জানান তিনি।
তবে তিনি আক্ষেপ করে বলেন, জীবদ্দশায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ হয়নি। এখন তার ইচ্ছা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা।
তার স্ত্রী জোছনা খাতুন বলেন, দীর্ঘ ১৮ বছর পর তার স্বামী ভাত খেয়েছেন, যা তাদের পরিবারের জন্য আনন্দের মুহূর্ত।