জমি নিয়ে বিরোধ, সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম
মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশি বৈঠকের মধ্যেই ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নজরুল খন্দকার (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার পলাতক রয়েছেন।
নিহত নজরুল খন্দকার ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ওয়াহিদ খন্দকার তার আপন ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য শুক্রবার বিকেলে নিজ বাড়িতে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে সালিশি বৈঠক বসে।
বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ওয়াহিদ খন্দকার ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে নজরুল খন্দকার ও তার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তাদের মাথায় কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করা হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল খন্দকারের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।