কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে। তিনি জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি।
এ ঘটনায় কলেজে ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগও উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, দুপুরে বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়ান। আগের অধ্যক্ষের সময়কার আয়-ব্যয়ের হিসাব নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে ওই তর্ক হাতাহাতিতে রূপ নেয়। এ সময় প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়। পরে আবারও একদল নেতাকর্মী এসে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, বিভিন্ন সময় তারা কলেজে এসে হিসাবের কথা বলে চাঁদা দাবি করতেন। অধ্যক্ষের পক্ষ নেওয়ায় তাকেও হামলার শিকার হতে হয়েছে।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার দাবি, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এই ঘটনার সূত্রপাত হয়েছে।
দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আগে থেকেই পুলিশ সেখানে ছিল। এরপরও কিছু ব্যক্তি জোর করে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।