চুরি করতে ঢুকে খাটের নিচে ঘুমিয়ে পড়ল চোর, ভোরে হাত দেখে ধরা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে চুরির এক অদ্ভুত ঘটনা ঘটেছে। চুরি করতে বাসায় ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকা এক চোর শেষ পর্যন্ত নিজেই ঘুমিয়ে পড়ে ধরা পড়ে যায়।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে বারেক কন্ট্রাক্টরের বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। চোর সোহেল মিয়া রান্নাঘরের ভেন্টিলেটর কেটে বাসার ভেতরে প্রবেশ করে। ওই বাসায় এক নারী তার দুই সন্তান নিয়ে বসবাস করতেন। ভেতরে ঢুকে লোকজন সজাগ আছে বুঝতে পেরে সোহেল খাটের নিচে লুকিয়ে পড়ে।
পরবর্তীতে সেখানে লুকিয়ে থাকা অবস্থায়ই সে ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠেন ওই নারী। তখন তিনি খাটের বাইরে একটি হাত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি চিৎকার করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এসে খাটের নিচে তাকিয়ে দেখেন একজন ব্যক্তি ঘুমিয়ে আছে। পরে তাকে খাটের নিচ থেকে বের করে আনা হয়।
স্থানীয় ইউপি সদস্য রকিব উদ্দিন জানান, চোর সোহেল মিয়া মুরাদনগর এলাকার বাসিন্দা এবং দাউদকান্দির বারোপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় ভাড়া থাকেন। এর আগেও তিনি চুরির ঘটনায় ধরা পড়েছিলেন বলে জানান স্থানীয়রা।
তিনি আরও বলেন, চোর নিজেই স্বীকার করেছে যে সে মাদকাসক্ত। চুরির আগে নেশা করে আসার কারণে খাটের নিচে ঘুমিয়ে পড়ে সে ধরা পড়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।