প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেতে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই তরুণীকে বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরে তাকে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার জিগাতলা গ্রামের ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সে এলাকায় ঘোরাফেরা করত। পরিবার ভেবেছিল সে ঘরের ভেতরেই আছে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে সকালে এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে তরুণীকে অচেতন ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঘটনার পর থেকে সে আতঙ্কিত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এলাকাবাসীও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তরুণীটি সবার পরিচিত ও প্রিয় ছিল। এমন নৃশংস ঘটনা কেউ মেনে নিতে পারছে না। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান জানান, তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।