বরিশালে বজ্রপাতে দুই স্কুলে শিক্ষকসহ আহত ১৬ শিক্ষার্থী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতে এক শিক্ষকসহ মোট ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বজ্রপাতের পর পুরো উপজেলাজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এ সময় ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। অনেকেই জ্ঞান হারান।
আহতদের মধ্যে রয়েছেন মাওলানা ফারুকুল ইসলাম, সপ্তম শ্রেণির জান্নাত, অষ্টম শ্রেণির ফাতেমা, আমেনা, সুমাইয়া, মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।
এক শিক্ষার্থী জানায়, হঠাৎ বিকট শব্দে স্কুল ভবনের ওপর বজ্রপাত হলে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে সবাই অচেতন হয়ে যায়।
স্থানীয় শিক্ষক ও লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই সময়ে আলীমাবাদ এলাকার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আরও আটজন শিক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।
দাদপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বজ্রপাতের শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই অজ্ঞান হয়ে যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তারা অনেকটা সুস্থ আছে, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকেই আহতদের চিকিৎসার খোঁজ রাখা হচ্ছে এবং বিদ্যালয়গুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।