নাটোরে যুবদলের ৫ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় এলাকায় যুবদলের পাঁচ নেতার কথিত গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে স্থানীয় যুবদল নেতা ফারুক, জিয়াউর রহমান জিয়া ও আরিফসহ মোট পাঁচজন রয়েছেন বলে জানা গেছে। তারা সবাই গুরুদাসপুরের বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড় এলাকার বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে কয়েকজন ব্যক্তি স্বাভাবিকভাবে গাঁজা প্রস্তুত ও সেবন করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যদি মাদক সেবনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, বিষয়টি এখনো পুলিশের আনুষ্ঠানিক নজরে আসেনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970