প্রধানমন্ত্রী তিন মাসে যা করেছেন অন্যরা তিন বছরেও পারত না: সালাউদ্দিন টুকু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাত্র তিন মাসে প্রধানমন্ত্রী যে পরিমাণ কাজ সম্পন্ন করেছেন, অন্যদের পক্ষে তা তিন বছরেও করা সম্ভব হতো না। তিনি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিস করেন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে ধরনের জুলুম-নির্যাতন চালিয়েছে, তার নজির পৃথিবীর অন্য কোথাও নেই। তাঁর দাবি, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার এবং গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সব স্তরের বিএনপির নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং কেউই এর বাইরে ছিলেন না। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে গোপালপুর-ভূঞাপুর এলাকার মানুষ সবচেয়ে বেশি নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নেতাকর্মীদের সবসময় পরিবারের সদস্য হিসেবে দেখা হয় এবং জিয়া পরিবারের অনুসারী হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশকে ঘিরেও বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সেগুলো মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।