সালিশে বসে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালার একটি সালিশ বৈঠকে উত্তেজিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (২০ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবচরের দত্তপাড়ায় একটি স্থানীয় বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ বৈঠকে অংশ নেন সংসদ সদস্য পীরজাদা হানজালা। বৈঠক চলাকালে তার উপস্থিতিতেই বিরোধে জড়িত দুই পক্ষের লোকজন তীব্র বাকবিতণ্ডা ও উচ্চস্বরে তর্কে লিপ্ত হন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে এমপি পীরজাদা হানজালা উত্তেজিত হয়ে দুই পক্ষকেই কঠোর ভাষায় সতর্ক করেন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে তার আরও ধৈর্যশীল আচরণ করা উচিত ছিল। তবে অন্যদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পীরজাদা হানজালা বলেন, সালিশ চলাকালে দুই পক্ষ নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ায় পরিস্থিতি শান্ত করতে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন। তবে পরবর্তীতে সালিশ সফলভাবে শেষ হয়েছে এবং উভয় পক্ষই সিদ্ধান্ত মেনে নিয়েছে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970