কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই এলাকার মনির হোসেনের আট বছর বয়সী মেয়ে ছাদিয়া, একই উপজেলার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক লিমন (২৮)।
প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন জানান, মাইক্রোবাসটি রংপুর থেকে রোগী নিয়ে ভূরুঙ্গামারীর দিকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশুও রয়েছে।
আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হামিদুল ইসলাম, শান্তা, সমের আলী ও জবা। বাকি আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।