দেশে ফিরলো মালয়েশিয়ায় খুন হওয়া প্রবাসীর মরদেহ, গ্রামে শোকের মাতম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:২৩ পিএম
মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী যুবক নজরুল ইসলামের মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। শনিবার ভোরে দীর্ঘ ১৮ দিন পর তার মরদেহ কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে আনা হলে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। পরে সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ পুড়িয়ে দেয়। একই ঘটনায় তার স্ত্রী কোহিনুর বেগমকেও হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
২০১৮ সালে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান নজরুল ইসলাম। সেখানে তিনি একটি খামার গড়ে তুলেছিলেন। পরিবারের অভিযোগ, তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় অংশীদাররা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শুক্রবার গভীর রাতে একটি বিমানে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে ভোর ৪টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফনের জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের মায়ের নামে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
নিহতের ভাই জহির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান, এর আগেও ব্যবসায়িক বিরোধের কারণে নজরুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। দ্রুত দেশে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়েছে নিথর দেহে। তিনি আরও জানান, নিহতের স্ত্রীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
নিহতের ভাগ্নি সাদিয়া ইসলাম মীম বলেন, মামা দেশে ফেরার কথা দিয়েছিলেন, কিন্তু তার এইভাবে ফিরে আসা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, ঘটনাটি বিদেশে ঘটায় বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। তবে নিহতের পরিবার সরকারের কাছে বিচার দাবি করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে তিনি জানিয়েছেন।