ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:২৩ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আকাশে রহস্যময় আলোর দীর্ঘ রেখা দেখা গেছে, যা অনেকের কাছে ক্ষেপণাস্ত্রের মতো মনে হয়েছে। এই দৃশ্য ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, আবার কেউ আতঙ্কিত হয়ে নানা আলোচনা শুরু করেন।
পরে জানা যায়, ভারতের জলসীমায় দূরপাল্লার মিসাইল পরীক্ষার কারণে এই আলোর রেখা দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সৈকত ও বাগেরহাটের শরণখোলা পয়েন্ট থেকে একই ধরনের দৃশ্য পর্যবেক্ষণ করা হয়।
জানা গেছে, ভারতের পক্ষ থেকে আগেই এই মিসাইল পরীক্ষার বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করা হয়েছিল।
ঘটনাটি নিয়ে কক্সবাজারে থাকা এক পর্যটক বলেন, হঠাৎ আকাশে এমন আলো দেখে প্রথমে ভয় পেয়েছিলেন। পরে বুঝতে পারেন এটি মিসাইল পরীক্ষার অংশ। আরেক পর্যটক সাইফুল ইসলাম জানান, পরিবার নিয়ে ঘুরতে এসে এমন দৃশ্য দেখবেন তা তিনি ভাবেননি, তবে পরে সবাই বিষয়টি উপভোগ করেছেন।
তবে এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-ছয় এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ছিল ভারতের। এ কারণে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় সীমাবদ্ধতা আরোপ করা হয়।
ওই সময়ে ভারতের পক্ষ থেকে আকাশপথে সতর্কতা জারি করে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল, যা ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় তিন হাজার পাঁচশ কিলোমিটার অঞ্চলে প্রযোজ্য ছিল বলে জানা গেছে।