পরীক্ষায় না দেখানোয় দুজনকে কুপিয়ে ৫১ সেলাই, চার এসএসসি পরীক্ষার্থী আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫২ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় চার কিশোরকে আটক করেছে পুলিশ। হামলায় আহত দুই শিক্ষার্থীর শরীরে মোট ৫১টি সেলাই দিতে হয়েছে।
সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম। এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করা হয়। তারা সবাই উপজেলার একটি বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, রোববার বিজ্ঞান বিষয়ের এসএসসি পরীক্ষা চলাকালে একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া কয়েকজন শিক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েমের কাছে উত্তরপত্র দেখতে চান। তবে তারা খাতা দেখাতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ওঠে ওই শিক্ষার্থীরা।
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট কলেজ কেন্দ্রের বাইরে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী জিহান ও মুনায়েমের ওপর হামলা চালায়। এ সময় ক্ষুর দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে শাখাওয়াত হোসেন জিহানের শরীরে ১৯টি এবং মুহাম্মদ মুনায়েমের শরীরে ৩২টি সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত জিহানের বাবা মো. আলমগীর বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চার কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।