ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গভীর রাতে তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।
নিহত ইশতিয়াক আহম্মেদ প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।
প্রান্তের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর দাবি করেন, রোববার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে নিয়ে যায়। পরে সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান।
অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে গোন্দারদিয়া এলাকায় প্রান্তের বাড়ির উত্তর পাশের একটি ফাঁকা স্থানে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে এনে জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মধুখালী থেকে গাঁজাসহ আটক এক আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।