গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
বরিশালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযানের কথা অস্বীকার করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের ঘনিষ্ঠজনদের দাবি, দুপুরে কোনো মামলা ছাড়াই কাউনিয়া থানা পুলিশ তার পশ্চিম কাউনিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারের আশঙ্কায় আতঙ্কিত হয়ে তিনি বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেন। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দেয়াল টপকে পালানোর চেষ্টা করার সময় নিচে পড়ে যান রাশেদ খান মেনন। এতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, ওই এলাকায় পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, রাশেদ খান মেননের হৃদযন্ত্রে রিং পরানো ছিল। তিনি নিজ বাসার ছাদে হাঁটাহাঁটির সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মারা যেতে পারেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন বলে জানা গেছে।