জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার শেয়ার করা ওই ভিডিওতে একজন যুবক পেট্রল বোমা নিক্ষেপ করার সাথে সাথে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলে ওঠে।
ভিডিওতে আরও দেখা যায়, একজন যুবক নির্দেশ দিয়ে পেট্রল বোমা স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে, এরপর সঙ্গী যুবকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিওতে শব্দ শোনা যায়, “দে”, এর পরপরই আরেক যুবক পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ভিডিওর শেষে “চল চল” শব্দটিও শোনা যায়।
এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর রেজাউল কবির রেজা লিখেছেন, “বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না, থাকতে দেব না।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমরা খবরটি পেয়েছি, তবে ঘটনাস্থলে এসে এখনও কিছু দেখতে পাইনি। এটা আমাদের থানা এলাকায় ঘটেছে কিনা নিশ্চিত হতে পারছি না। তবে আমাদের পুলিশ দল নাশকতা প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।”