রাঙামাটিতে কোটা বিরোধে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম

ছবি: সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা নয়, মেধা প্রাধান্য দেওয়ার দাবিতে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই হরতাল।

সরেজমিনে দেখা গেছে, হরতালের সমর্থনে রাঙামাটির বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮-১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে স্কুল-কলেজ ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন। সপ্তাহান্তে পর্যটক সমাগমের কারণে হরতালে শহরে থাকা পর্যটকরাও বিপাকে পড়েছেন।

বিক্ষোভে বিভিন্ন সড়কে টায়ার জ্বালানো হয়েছে। রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের একমাত্র সিএনজি সার্ভিস এবং শপিংমলগুলোও কার্যত বন্ধ রয়েছে।

গত ১৯ নভেম্বর বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ঘোষণা দেন কোটাবিরোধী ঐক্যজোটের নেতারা। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইন প্রমুখ।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, জেলা পরিষদকে কোটা বৈষম্য বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার শান্তিপূর্ণ দাবির পরও কোনো সমাধান মেলেনি। তারা বলেন, “সরকারি ৭ শতাংশ কোটা থাকলেও জেলা পরিষদ তা না মেনে নিয়োগ পরীক্ষা শুরু করেছে। মেধাবীরা বঞ্চিত হবে। আমরা চাই সকল নিয়োগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হোক। কোটা প্রথার নামে বৈষম্য আর মেধা হত্যার সিদ্ধান্ত আমরা মেনে নেব না।”

হরতালের সময় জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবার যানবাহন হরতালের আওতায় থাকবে না।

উল্লেখ্য, ২১ নভেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970