খুলনায় আদালতের সামনে ২ যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে রোববার (৩০ নভেম্বর) দুপুরে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জনবহুল এলাকায় দুপুরের দিকে দুই যুবককে গুলি ও চাপাতি দিয়ে আহত করে কয়েকজন সন্ত্রাসী। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসিব ঘটনাস্থলেই নিহত হন এবং রাজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি ও দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। হামলাকারীদের শনাক্তের জন্য তদন্ত চলছে।” মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা রোকনুজ্জামান জানান, নিহতরা সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। তারা আদালতে হাজিরা দিতে আসছিলেন।