কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
কক্সবাজার ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে কম্পন টের পান স্থানীয়রা।
কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, কম্পনটির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকা। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার এবং এটি মিয়ানমার, উত্তর-পূর্ব ভারতসহ বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট অঞ্চলে অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই তথ্য নিশ্চিত করেছে।
উখিয়ার কলেজ শিক্ষক মৃদুল শর্মা জানান, “ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিলো তীব্রতা বেশ বেশি।”
কক্সবাজার শহরের গৃহিণী জোবাইদা করিম বলেন, “হঠাৎ পুরো বিল্ডিং কেঁপে ওঠে। ভয় পেয়েছিলাম, আল্লাহ রক্ষা করেছেন।”
গত ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্প দিয়ে যে কম্পনধারা শুরু হয়, এটি সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত অষ্টম ভূমিকম্প। প্রথম ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কাঁপন অনুভূত হয় এবং এতে ১০ জন নিহত হন। এরপর থেকে মাঝেমধ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।