বিএনপি প্রার্থীকে না ডাকায় পণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আয়োজিত দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই লাভলুর কয়েকজন সমর্থক এসে হট্টগোল শুরু করেন। ব্যানারে পৃষ্ঠপোষক হিসেবে শিল্পপতি তুহিনের নাম থাকলেও মনোনীত প্রার্থীর নাম না থাকায় সমর্থকরা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এ ঘটনায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটিও ঘটে। পরে লাভলুর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের জোরপূর্বক বের করে দেন। এতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা সম্ভব হয়নি।

নেতাকর্মীরা অভিযোগ করেন, সারাদেশে খালেদা জিয়ার জন্য ঐক্য থাকলেও নাগরপুর বিএনপিতে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে বিভাজন দেখা দিয়েছে। সেই বিভাজনের কারণে দলের প্রধানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল বাধাগ্রস্ত হয়।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, “দলীয় প্রধান গুরুতর অসুস্থ। সারাদেশের মতো নাগরপুরেও দোয়ার আয়োজন করা হয়। কিন্তু মনোনীত প্রার্থীর সমর্থকদের হট্টগোলের কারণে দোয়া করতে পারিনি।”

অপর দিকে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু বলেন, “ব্যানারে তুহিনের নাম থাকায় আমার সমর্থকরা প্রতিবাদ করেছেন। কারণ তুহিন আওয়ামী লীগের সমর্থক। তাই বিএনপির মনোনীত প্রার্থীর নাম ব্যানারে না থাকায় হট্টগোল হয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970