নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ: আসিফ নজরুল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও মঙ্গলবার এক সভায় আইসিসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়, তবে বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আবারও স্পষ্ট করেছে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনই বাংলাদেশকে ভাবতে বাধ্য করেছে যে ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

গতকাল বিসিবি ও আইসিসির মধ্যে একটি অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। পরে বিসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তবে দুপক্ষই আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানে পৌঁছাতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে আসিফ নজরুল বলেন, “আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু ভারতে খেলাটা সত্যিই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের গভীরভাবে ভাবাচ্ছে।”

তিনি আরও বলেন, এসব কারণে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা ভারতে নিশ্চিত করা কঠিন হতে পারে। সত্যিকারের বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে আইসিসির উচিত বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা।

ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানান, তা না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নাও নিতে পারে। তিনি বলেন, “এটি সাময়িকভাবে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু ভারতে খেলতে গেলে তা পুরো দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970