সিদ্ধান্ত চূড়ান্ত, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিতে কোনো পরিবর্তনের সুযোগ নেই।

তিনি বলেন, সরকারিভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি এখনও বহাল আছে। ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে, সেটিরও কোনো উন্নতি হয়নি।

নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সামনে এনে এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে একাধিক দফা আলোচনার পরও আইসিসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসে আইসিসি। বৈঠকে সংস্থাটির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে।

এই প্রেক্ষাপটে বুধবার বিকেলে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। একই সঙ্গে আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ আমলে না নিয়ে সুবিচার করেনি বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, “আমরা সবাই চেয়েছিলাম বিশ্বকাপে অংশ নিতে। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তা কোনো অনুমানভিত্তিক বিষয় নয়, বরং বাস্তব ঘটনা থেকে উদ্ভূত।”

তার বক্তব্যের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, বাংলাদেশ এখনও শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবিতে অটল রয়েছে এবং এ বিষয়ে লড়াই চালিয়ে যাবে বোর্ড।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970