পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে শেহবাজ-নাকভির বৈঠক, যা জানা গেল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে কি না—এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মহসিন নাকভি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবার অথবা সোমবার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৈঠকে আইসিসির ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেন মহসিন নাকভি। তিনি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন এবং বলেন, ভারতের ক্ষেত্রে এক ধরনের নিয়ম আর অন্য দেশগুলোর ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রয়োগ করা হচ্ছে।

সূত্র জানায়, নাকভি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন—চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জন্য বিকল্প ভেন্যু বরাদ্দ দেয়। অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাদের জন্য কোনো নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হয়নি। বরং ওই উদ্বেগের জেরে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়।

বৈঠকে আর্থিক দিকটিও তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান। তিনি জানান, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিপুল রাজস্ব ক্ষতির মুখে পড়তে পারে দেশটি। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত ম্যাচ বয়কট করলে ভারতের ক্ষতি আরও বেশি হবে—বিশেষ করে সম্প্রচার ও স্পনসরশিপ আয় মারাত্মকভাবে প্রভাবিত হবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মহসিন নাকভির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরে নাকভি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত আসবে শুক্রবার অথবা সোমবার।

এদিকে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970