বিশ্বকাপের আগেই মেসির বিরুদ্ধে মামলা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করেছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড।

মায়ামিভিত্তিক ওই কোম্পানির নাম ভিআইডি। গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়।

অভিযোগ অনুযায়ী, ভিআইডি প্রতিষ্ঠানটি প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক স্বত্ব কিনেছিল। চুক্তি অনুযায়ী, কোনো ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে—এমন শর্ত ছিল।

কিন্তু আয়োজক প্রতিষ্ঠানের দাবি, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক মুহূর্তের জন্যও মাঠে নামেননি, বরং গ্যালারিতে বসে খেলা দেখেছেন। অথচ হার্ড রক স্টেডিয়ামে মেসির পরিবারের জন্য বিশেষ আসনের ব্যবস্থার খরচও তারা বহন করেছিল।

ভিআইডির অভিযোগ আরও জোরালো হয় পরদিনের একটি ঘটনার কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও পরদিন তিনি ক্লাব ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে দুই গোল করেন।

আয়োজকদের মতে, এটি প্রমাণ করে মেসি খেলার মতো শারীরিক অবস্থায় ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে প্রীতি ম্যাচ এড়িয়ে গেছেন, যা চুক্তির সরাসরি লঙ্ঘন।

আইনি নথিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ নিয়েও অসন্তোষ জানানো হয়েছে। ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ফোর্ট লডারডেলের ছোট স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়। এতে টিকিট বিক্রি ও দর্শক ধারণক্ষমতা কমে গিয়ে বড় আর্থিক ক্ষতির দাবি করেছে আয়োজক প্রতিষ্ঠান।

তারা আরও দাবি করেছে, ক্ষতি পুষিয়ে দিতে চীনে একটি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বকাপের আগে এই আইনি জটিলতা আর্জেন্টিনা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970