স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে নিজের পূর্বাভাস জানালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে হারিয়ে সহজেই বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।
সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা মনে করেন, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন সবচেয়ে ধারাবাহিক ও শক্তিশালী দলগুলোর একটি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাই ফাইনালেও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার বিশ্বাস স্পেন জিতবে, এবং সেটিও বেশ সহজভাবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি স্পেনকে আমি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছি।’
রোনালদোর মতে, স্পেনের সাফল্যের মূল ভিত্তি তাদের দীর্ঘদিনের ফুটবল দর্শন ও পরিকল্পিত খেলার ধারা। এটি কোনো সাময়িক সাফল্য নয়, বরং দেশটির ফুটবল সংস্কৃতিরই প্রতিফলন।
তিনি বলেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটি তাদের ফুটবল পরিচয়ের অংশ। বছরের পর বছর তারা একই ধাঁচের ফুটবল খেলে আসছে। ছোটবেলা থেকেই খেলোয়াড়রা এই দর্শনের মধ্যেই বেড়ে ওঠে।’
তবে স্পেনকে এগিয়ে রাখলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি। বিশেষ করে সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার কৃতিত্বের কথা উল্লেখ করেন তিনি।
রোনালদো বলেন, ‘এই বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রাটা সত্যিই অসাধারণ। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং লড়াই করার সক্ষমতা তারা দারুণভাবে দেখিয়েছে। তবে স্পেন অনেক বেশি সংগঠিত দল। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, সেটি তারা খুব ভালোভাবেই জানে।’