জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা, স্পেনের বিপক্ষে অভিশাপ ভাঙার মিশন
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
আরেকটি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ২০ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে ফাইনালের আগে পরিসংখ্যান বলছে, জুলাই মাস আর্জেন্টিনার জন্য কখনোই সুখকর ছিল না। ইতিহাস অনুযায়ী, এই মাসে অনুষ্ঠিত তিনটি বিশ্বকাপ ফাইনালের প্রতিটিতেই পরাজিত হয়েছে আলবিসেলেস্তেরা।
এ পর্যন্ত তিনবার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথমবার নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা। সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২৫ জুন।
দ্বিতীয় শিরোপা আসে ১৯৮৬ সালে। মেক্সিকোয় অনুষ্ঠিত সেই আসরে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ফাইনালটি হয়েছিল ২৯ জুন।
সবশেষ ২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দলটি। কাতারের গরম আবহাওয়ার কারণে সেই আসর শীতকালে আয়োজন করা হয়েছিল এবং ফাইনাল অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর।
তবে বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা মোট ছয়বার ফাইনাল খেলেছে। এর মধ্যে জুলাই মাসে অনুষ্ঠিত তিনটি ফাইনালেই হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ৩০ জুলাই। সেবার উরুগুয়ের কাছে ৪-২ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। এরপর ১৯৯০ সালের ৮ জুলাইয়ের ফাইনালে দিয়েগো ম্যারাডোনার দল জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়।
জুলাইয়ের আরেকটি হতাশার স্মৃতি রয়েছে লিওনেল মেসিরও। ২০১৪ সালের ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার।
এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে জুলাই মাসে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের ফাইনাল বাংলাদেশ সময় ২০ জুলাই অনুষ্ঠিত হবে। স্পেনকে হারাতে পারলে শুধু শিরোপাই ধরে রাখবে না আর্জেন্টিনা, একই সঙ্গে জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাসও গড়বে।
সম্ভাব্য শেষ বিশ্বকাপে লিওনেল মেসির সামনে তাই রয়েছে দুটি বড় লক্ষ্য—বিশ্বকাপের মুকুট ধরে রাখা এবং জুলাইয়ের দীর্ঘদিনের হতাশার অধ্যায়ের অবসান ঘটানো।