স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছেন স্পেনের উদীয়মান ফুটবল তারকা লামিনে ইয়ামাল। অভিষেক বিশ্বকাপেই স্পেনের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে। টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদের উদ্দেশে দিয়েছেন একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোন উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
ইয়ামাল বলেন, ‘আমি কথা দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। পাশাপাশি ১০০টি হেডফোনও উপহার দেব।’
বার্সেলোনার এই ফুটবলারের জন্য এটি প্রথম বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক বড় আসরের অভিজ্ঞতা তার রয়েছে। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্নায়ুচাপ থাকাটা স্বাভাবিক। তবে শুরুটা ভালো না হলেও পুরো আসর শেষ হয়ে যায় না—এই শিক্ষা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।
তার ভাষায়, ‘প্রথম ম্যাচ থেকেই অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে চাপ অনুভব করাটা স্বাভাবিক। তখন বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট দীর্ঘ হয়, তাই ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এদিকে, ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, একসময় মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তার হাতেই উঠবে। তবে পরে উপলব্ধি করেছেন, ফ্রান্সের তারকা উসমান দেম্বেলের জয়ই ছিল যথার্থ।
ইয়ামাল বলেন, ‘আমি মনে করি তখন ব্যালন ডি’অর জেতার মতো সময় আমার আসেনি। আমি তখন অনেক ছোট ছিলাম। হয়তো এই পুরস্কারের প্রকৃত মূল্যও পুরোপুরি বুঝতে পারতাম না।’
উসমান দেম্বেলের প্রশংসা করে স্প্যানিশ এই তরুণ আরও বলেন, তার সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে। দেম্বেলে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি কঠিন সময়ে মানসিকভাবে সহযোগিতা করেছেন, যা তার ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ (সোমবার) পেরুর মুখোমুখি হবে স্পেন। এরপর মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।