বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন দিতে গ্যালারিতে থাকবেন রাজপরিবার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:২১ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন চরমে। রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই লড়াই মাঠে বসেই উপভোগ করবেন স্পেনের রাজপরিবারের সদস্যরা।
স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, জাতীয় দলকে সমর্থন জানাতে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজপরিবারের উপস্থিতি নতুন কিছু নয়। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচেও গ্যালারিতে ছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ।
বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। শক্তিশালী রক্ষণ, নিয়ন্ত্রিত ফুটবল এবং ধারাবাহিক পারফরম্যান্সে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দেয়নি স্পেন। পুরো আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে দলটি।
রক্ষণভাগের অসাধারণ দৃঢ়তার পাশাপাশি ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসেও নতুন নজির গড়েছে স্পেন। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
অন্যদিকে, অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়া। তাই শিরোপা নির্ধারণী এই মহারণে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিতে প্রস্তুত কোচ লিওনেল স্কালোনির দল।