সুপার ওভারে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নাটকীয়ভাবে ম্যাচ টাই করলেও সুপার ওভারে শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। দোহায় রবিবার হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে আবারও শিরোপা হাতছাড়া করে আকবর আলীর দল।

২০ ওভারে দুই দলের স্কোর সমান ১২৫ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানের বোলার আহমেদ দানিয়ালের তোপে মাত্র ৬ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। জবাবে রিপন মণ্ডলের করা ওভারে মাত্র চার বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান শাহিনস, যা তাদের টুর্নামেন্টে তৃতীয় শিরোপা এনে দেয়।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে এক রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন। এরপর একটি ওয়াইড থেকে আসে পাঁচ রান। তবে তৃতীয় বৈধ বলে জিসান আলম বোল্ড হলে থেমে যায় বাংলাদেশের সংগ্রহ—মোট ৬ রানে।

এর আগে মূল ইনিংসে ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। জিসান আলম (৬) ও সোহান (২৬) কিছুটা স্বস্তি দিলেও ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দল। জাতীয় টি–টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন শূন্য রানে ফেরেন, অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮) ব্যর্থ হন।

শেষ দুই ওভারে ২৭ রান প্রয়োজন হওয়ার পর ম্যাচের মোড় ঘোরান সাকলাইন ও রিপন। ১৯তম ওভারে শহীদ আজিজকে তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তোলেন তারা। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৭ রানে। কিন্তু শেষ পর্যন্ত দলকে জিতিয়ে নিতে পারেননি দুজনই—সাকলাইন ১৬* ও রিপন ১১* রানে অপরাজিত থাকলেও ম্যাচ টাই হয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১২৫ রানে আটকে রাখে বাংলাদেশ বোলাররা। ইনিংসের প্রথম বলেই রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডল ৩ উইকেট ও রাকিবুল হাসান ২ উইকেট নিয়ে পাকিস্তানের বড় সংগ্রহ গড়া রুখে দেন। সাদ মাসুদের ৩৮ রান পাকিস্তানকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতায় রাখে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970