ফেব্রুয়ারির মধ্যে এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
আপনি যদি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে সামনে বড় পরিবর্তনের মুখে পড়তে পারেন। ভারত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, এসব মেসেজিং অ্যাপে সিম বাইন্ডিং ব্যবস্থা চালু করা হচ্ছে। ফলে যেই সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেটি ফোনে না থাকলে সংশ্লিষ্ট অ্যাপ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে।
সরকার ইতোমধ্যে টেলিকম কোম্পানিগুলোকে এই নিয়ম বাস্তবায়নের জন্য ৯০ দিনের সময় দিয়েছে। সেই সময়সীমা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। এর মধ্যে নতুন কোনো নির্দেশনা না এলে যেসব ব্যবহারকারীর ফোনে অ্যাকাউন্ট সংশ্লিষ্ট সিম কার্ড নেই, তাদের হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সিম বাইন্ডিং কী?
নতুন এই ব্যবস্থার আওতায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল কেবল তখনই ব্যবহার করা যাবে, যখন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম কার্ডটি ওই ফোনে সক্রিয় থাকবে। সিম খুলে ফেললে বা অন্য ফোনে ব্যবহার করলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
এই নিয়ম কার্যকর হলে ফোনে সিম ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না। একই সঙ্গে একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট চালানোও কঠিন হয়ে পড়বে। এতদিন যাচাই সম্পন্ন হলে ফোন, ট্যাব বা কম্পিউটারে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত, নতুন নিয়মে সেটি সীমিত হয়ে যাবে।
ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য বাড়তি ঝামেলা
নতুন নিয়ম চালু হলে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরাও সমস্যায় পড়তে পারেন। জানা গেছে, সিম বাইন্ডিং কার্যকর হলে কম্পিউটারে চালু থাকা হোয়াটসঅ্যাপ প্রতি ছয় ঘণ্টা পরপর স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যেতে পারে। ফলে বারবার মোবাইল ফোন দিয়ে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে হবে।
কেন এই সিদ্ধান্ত?
ভারত সরকার জানিয়েছে, দেশে সাইবার জালিয়াতি ও প্রতারণা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু অসাধু ব্যক্তি ভারতীয় সিম ব্যবহার করে বা বিদেশে বসে ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে প্রতারণা করছে। যেহেতু এখনো হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো একবারই নম্বর যাচাই করে, তাই অপরাধীদের শনাক্ত করা কঠিন। সিম বাইন্ডিং চালু হলে এসব অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
ব্যবহারকারীদের ওপর প্রভাব
এই নিয়মের ফলে সাধারণ ব্যবহারকারীরাও ভোগান্তিতে পড়তে পারেন। একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ চালানো কঠিন হবে। যাঁরা সিম ছাড়াই বা অন্য ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁদের সমস্যায় পড়তে হবে। বিশেষ করে অফিসের কাজে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বারবার লগইন করতে হতে পারে।
তবে সরকার প্রয়োজনে সময়সীমা বাড়ায় কি না, নাকি ফেব্রুয়ারি থেকেই নিয়মটি পুরোপুরি কার্যকর করে—সেদিকেই এখন নজর ব্যবহারকারীদের।