ভারত সীমান্তে হঠাৎ ২৫০ ভয়ংকর কামান মোতায়েন করলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
ভারত সীমান্তের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে চীনের তৈরি ২৫০টি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেল্ড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী ধাপে ধাপে ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসব আধুনিক কামান সীমান্ত এলাকায় স্থাপন করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নোরিনকোর তৈরি এসএইচ-১৫ হলো পিপলস লিবারেশন আর্মির ব্যবহৃত পিসিএল-১৮১ হুইলড সেলফ-প্রোপেল্ড হাউইটজারের রপ্তানি সংস্করণ। ৬×৬ সাঁজোয়া শানসি ট্রাকের ওপর স্থাপিত এই কামান দ্রুত মোতায়েন ও দ্রুত অবস্থান পরিবর্তনের উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং দুর্গম এলাকাতেও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
১৫৫ মিলিমিটার/৫২-ক্যালিবারের এই কামান থেকে মানসম্মত ন্যাটো গোলাবারুদ ব্যবহার করে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এছাড়া রকেট-সহায়ক ভি-ল্যাপ প্রজেক্টাইল ব্যবহার করলে এর পাল্লা ৫৩ থেকে ৭২ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসএইচ-১৫ ব্যবস্থায় স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল প্রযুক্তি ও হাইড্রোলিক স্ট্যাবিলাইজিং ব্যবস্থা যুক্ত রয়েছে। এর ফলে অল্প সময়ের মধ্যে কামান প্রস্তুত করে মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলাবর্ষণ করা সম্ভব। একই সঙ্গে গোলাবর্ষণের পর দ্রুত স্থান পরিবর্তনের সক্ষমতাও রয়েছে, যা প্রতিপক্ষের পাল্টা হামলার ঝুঁকি কমাতে সহায়তা করে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, ২৫০টি এসএইচ-১৫ যুক্ত হওয়ায় পাকিস্তান একাধিক আর্টিলারি রেজিমেন্টকে আধুনিকায়ন করতে পারবে। এর মাধ্যমে দেশটির দূরপাল্লার প্রচলিত হামলা চালানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।