ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। ঘটনার পর অভিযুক্ত নিজ গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ লোমহর্ষক ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা সাদিয়া রুনা ও হামলাকারী কর্মচারীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইমাম হোসাইন শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানের চিকিৎসা চলছে।