রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে পথচারী নিহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের বরাতে জানা যায়, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়। বোমা নিক্ষেপের উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970