নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
ডিএমপির স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো আতশবাজি থেকে রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকার ওই ভবনে আগুন লাগে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের ভবনের একটি অংশে আগুন জ্বলতে থাকে, এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো, উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি ও শোভাযাত্রা আয়োজনও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে- এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
তবে এসব নির্দেশনা উপেক্ষা করে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬ উদযাপনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়। রাত ১২টার আগেই একাধিক এলাকায় আতশবাজির শব্দ শোনা যায় এবং ফানুস ওড়াতে দেখা যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।