কেরানীগঞ্জে গৃহ শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২০ দিন পর এক গৃহশিক্ষিকার ভাড়া বাসা থেকে মা ও কিশোরী মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহশিক্ষিকা মীম বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকার একটি ভবন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) ও তার ১৪ বছর বয়সী মেয়ে ফাতেমা। ফাতেমা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। তারা আইনজীবীর সহকারী মো. শাহীন মিয়ার স্ত্রী ও মেয়ে। গত ২৫ ডিসেম্বর স্ত্রী ও মেয়ের নিখোঁজের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শাহীন মিয়া।

পুলিশ জানায়, কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকায় শামীম মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ফাতেমার গৃহশিক্ষিকা মীম বেগমের ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি চৌধুরী জানান, ফ্ল্যাটের খাটের নিচ থেকে রোকেয়া রহমানের লাশ এবং বাথরুমের সানশেড থেকে তার মেয়ে ফাতেমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৃহশিক্ষিকা মীম বেগম (২৪) এবং তার বড় বোন নুরজাহান বেগম ওরফে নুসরাত (৩০)–কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের স্বজনদের অভিযোগ, নিখোঁজের পর থানায় জিডি করা হলেও তারা পর্যাপ্ত সহযোগিতা পাননি। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970