মিরপুর ৬০ ফিট এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাগরিবের নামাজ শেষে মহিলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা চালানো হয়। এতে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার সময় কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগও উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ উপস্থিত হওয়ার পরও বিএনপি নেতাকর্মীরা মারমুখী আচরণ অব্যাহত রাখে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত আটটার দিকে শত শত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।