বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুকে নিয়ে যে বর্ণনা দিলেন চিকিৎসক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় দীর্ঘ আট মাস ধরে অমানবিক নির্যাতনের শিকার ১১ বছর বয়সী গৃহকর্মী মোহনা বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানিয়েছেন, মোহনা বর্তমানে তীব্র মানসিক ট্রমার মধ্যে রয়েছে। তিনি বলেন, শরীরের দৃশ্যমান ক্ষতগুলোর চেয়েও মানসিক আঘাত অনেক বেশি গভীর এবং দীর্ঘস্থায়ী।

চিকিৎসক শেখ ফরহাদ আরও জানান, দীর্ঘদিন ধরে চলা শারীরিক নির্যাতনের কারণে শিশুটি মারাত্মক মানসিক সংকটে ভুগছে। তার সুস্থতার জন্য তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও নিয়মিত সাইকোথেরাপি অত্যন্ত জরুরি বলে মত দিয়েছেন হাসপাতালের বিশেষজ্ঞরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোহনার শরীরজুড়ে মারধরের চিহ্ন এবং গরম খুন্তি দিয়ে পোড়ানোর ক্ষত রয়েছে। পাশাপাশি শিশুটি তীব্র রক্তস্বল্পতায় আক্রান্ত এবং মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছে।

নিজের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনায় মোহনা জানায়, ওই বাসায় তাকে দিনের অধিকাংশ সময় বাথরুমে আটকে রাখা হতো এবং পর্যাপ্ত খাবার দেওয়া হতো না। সামান্য ভুল হলেই গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতেও তাকে বাধা দেওয়া হয়।

অভাবের সংসারে কিছুটা স্বচ্ছলতার আশায় মোহনার বাবা গোলাম মোস্তফা তাকে কাজে দিলেও পরে মেয়েকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেরত পান। অভিযোগ রয়েছে, মেয়েকে ফেরত দেওয়ার আগে ভয়ভীতি দেখিয়ে তার বাবার কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল।

ঘটনার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক এমডি সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করে। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্যাতিত শিশুটিকে দেখতে গিয়ে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে মোহনার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970