রাজধানীতে বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে ‘বার্গার বাবু’কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
রোববার (৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়কের শেখ জামাল মাঠের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত অপরাধী জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশি তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম বাবু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।