ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অতিরিক্ত অংশ অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, মোটর গাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানগুলো নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।
অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার বার্নার, হাড়িপাতিল ও গ্রিল মেশিন স্থাপন করছে। মোটর ওয়ার্কশপগুলো পুরোনো ও নতুন টায়ার এবং যন্ত্রপাতি ফুটপাত ও সড়কে রেখে কাজ করছে। কোথাও কোথাও গাড়ি মেরামতের জন্য রাস্তার এক লেন পর্যন্ত দখল করা হচ্ছে। এছাড়া পোশাক ও আসবাবপত্রের দোকানও ফুটপাতের ওপর মালামাল প্রদর্শন করছে।
ডিএমপি জানায়, এসব কর্মকাণ্ডের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, যার ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জন্য পুলিশ অনুরোধ করেছে, জনস্বার্থে অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল ও সরঞ্জামাদি সরানো হোক। অন্যথায় ১ এপ্রিল থেকে ডিএমপির নেতৃত্বে মোবাইল কোর্ট ও সামারি ট্রায়াল পরিচালনা করা হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।