নববর্ষ উপলক্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রমনা বটমূল ও আশপাশের এলাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায়। এসব স্থানে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
রাজধানীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সকল নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।