বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ এএম
রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বাংলামোটর মোড় অন্ধকারে ভরে যায় এবং ধোঁয়ার ছায়ায় চারপাশ ঘন হয়ে ওঠে। বিস্ফোরণের পর এনসিপি নেতারা দৌড়ে মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসি মাজহারুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৯টায় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। আশপাশের সিসি ক্যামেরা দেখে পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
এর আগে রাত ৯টা ১২ মিনিটে নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং শ্যামপুরের ফ্লাইওভার এলাকায় পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সব ঘটনার কোনো পর্যায়ে হতাহতের খবর পাওয়া যায়নি।