পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ এএম

নিহত গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানে বসে থাকার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাতে সাড়ে ৭টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পল্লবী ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিবরিয়ার সহকর্মীরা জানান, খুব কাছ থেকে তাঁর মাথা, বুক ও পিঠে গুলি করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রক্রিয়াধীন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে অন্তত সাত রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলির সাতটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970