টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
রমজান উপলক্ষে সরবরাহ করা টিসিবির পণ্যে বড় ধরনের গরমিল ধরা পড়েছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। তেলের কার্টনের ভেতরে মিলেছে পানিভর্তি বোতল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও এলএসডি গোডাউনে ট্রাক আনলোড করার সময় এ ঘটনা ধরা পড়ে। সংশ্লিষ্টরা জানান, ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে পণ্য নিয়ে আসে।
পণ্য নামানোর সময় একটি কার্টনের ওজন নিয়ে শ্রমিকদের সন্দেহ হয়। পরে কার্টন খুলে দেখা যায়, ২ লিটারের ৯টি বোতলে সয়াবিন তেলের পরিবর্তে পানি ভরা রয়েছে।
বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, সন্দেহের ভিত্তিতে কার্টন খোলা হলে তেলের বদলে পানিভর্তি বোতল পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এক কার্টনে ৯ বোতল পানি পাওয়ার পর পুরো চালান গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।