রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
আলোচিত ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আরেক আসামি হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান আদালতের শর্ত ভঙ্গ করায় হিরো আলমের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, জামিনে থাকা অবস্থায় হিরো আলম আদালতের কোনো শর্ত পালন করেননি। সেই কারণে রিয়া মনির পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং গ্রেপ্তারের নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ জুন দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে সমঝোতার কথা বলে তাকে হাতিরঝিলে ডেকে নিয়ে গিয়ে হিরো আলম, সহযোগী সেলিমসহ কয়েকজন মিলে রিয়া মনিকে মারধর করে এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।